নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা জলাধার খনন প্রকল্পকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খনন কাজকে ঘিরে স্থানীয় একটি মহলের উসকানিতে আনসার ক্যাম্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় আনসার সদস্যদের ব্যবহৃত শটগানের ১০ রাউন্ড গুলি লুট করা হয়। সংঘর্ষে সাংবাদিক ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পাউবো সূত্রে জানা গেছে, বুড়ি তিস্তা নদীর জলাধার খনন প্রকল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যারেজ সংলগ্ন একটি পরিত্যক্ত আনসার ক্যাম্পে মজুদ করা হয়েছিল। নিরাপত্তার জন্য সেখানে আনসার সদস্য মোতায়েন করা হয়। অতীতে খনন কাজ শুরুর সময় স্বার্থান্বেষী মহলের বাধার মুখে দুটি এক্সকাভেটর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটায় এবার সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তায় কাজ শুরুর সিদ্ধান্ত নেয় প্রশাসন।
বুধবার সকাল থেকেই প্রকল্পবিরোধী একটি গোষ্ঠী মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্রসহ লোকজন জড়ো করতে থাকে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ এড়াতে পাউবো স্থানীয় ১০ জন প্রতিনিধির সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। তবে এলাকাবাসীর পক্ষ থেকে সে প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। পরিস্থিতি বিবেচনায় বিকেলে প্রশাসন ও পাউবো মাইকিং করে খনন কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেয় এবং পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
আইনশৃঙ্খলা বাহিনী ও পাউবো কর্মকর্তারা চলে যাওয়ার পর সন্ধ্যার আগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকশ মানুষ আনসার ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ক্যাম্পে থাকা মালামাল লুটপাট করে এবং খনন কাজে ব্যবহৃত সাতটি এক্সকাভেটর ভাঙচুর করে। এ সময় আনসার সদস্যদের ব্যক্তিগত মোবাইল ফোন, নগদ টাকা, রেশন সামগ্রী ও ১০ রাউন্ড গুলি লুট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা পিছু হটতে বাধ্য হন।
হামলার দৃশ্য ধারণ করতে গেলে দুইজন সংবাদকর্মী হামলাকারীদের রোষানলে পড়েন। তাদের মারধর করে মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া রাস্তায় চলাচলরত কয়েকজন সাধারণ পথচারীও হামলার শিকার হয়ে আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সরকারি কাজে বাধা, রাষ্ট্রীয় সম্পদে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
মালিহা নামলাহ










