রাউজানে যুবদল কর্মীকে মারধরের ঘটনা, ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়েছে দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী মুহাম্মদ পারভেজ (৩৫) কে মারধরের ঘটনা ঘটেছে। মারধরের পর দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের লস্কর উজির দিঘীর পাড়ে এই ঘটনা ঘটে।

আহত পারভেজ শাহাদুল্লাহ কাজীপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুর রশিদের ছেলে। স্থানীয় বাসিন্দা আবদুস সবুর বলেন, আহত পারভেজ যুবদল কর্মী। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

স্থানীয়রা আহত পারভেজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা রামদার উল্টো অংশ দিয়ে পারভেজকে পেটানোর পর ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। দুর্ঘটনার সময় পারভেজের মোটরসাইকেলও ঘটনাস্থলে পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, পারভেজের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত রয়েছে। স্থানীয় বাসিন্দা আবদুস সবুর জানান, ” তাকে রামদা দিয়ে আঘাত করা হয়েছে।”

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে গোলাগুলির প্রমাণ পাওয়া যায়নি। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আফরিনা/