দীর্ঘ অসুস্থতার পর খালেদা জিয়ার চিরবিদায় শোকহত পরীমণি

১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করা এই মহীয়সী নারী দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালে তিনি সেনাপ্রধান ও পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহিত হন। ফার্স্ট লেডি থেকে শুরু করে দেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার পদচারণা দীর্ঘ ও ঘটনাবহুল ছিল।

চিত্রনায়িকা পরীমণি তার ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে খালেদা জিয়াকে স্মরণ করে লেখেন,
‘তিনি চলে গেলেন..! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে…।’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা এবং নানা রোগে ভুগছিলেন। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। কিছুটা স্বাস্থ্যের উন্নতি হলেও দীর্ঘদিনের শারীরিক জটিলতা এবং মানসিক চাপের কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন।

গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে তিনি চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে চিরবিদায় নেন।

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ কয়েক দশক ধরে নেতৃত্ব দেওয়া খালেদা জিয়া ‘দেশনেত্রী’ হিসেবে জনগণের কাছে সমাদৃত ছিলেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অটল ভূমিকার কারণে তিনি ‘আপসহীন’ উপাধিতে ভূষিত হন।

বিথী রানী মণ্ডল/