ভিক্ষার টাকা জমিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থীর হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন আবুল মুনসুর ফকির (৭১) নামে এক ভিক্ষুক।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে জমা দিলেন ফকির আবুল মুনসুর।
স্বতন্ত্র এমপি প্রার্থী আবুল মুনসুর ফকির সাংবাদিকদের বলেন, ‘আমি উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার মরহুম চান মিয়ার ছেলে। মানুষের আর্থিক সহযোগিতায় চলছে আমার সংসার। এখন আমার বয়স হয়েছে। শরীর দুর্বল হয়ে আসছে তাই ভিক্ষা করে সংসার চালাই। অনেক দিন ধরেই নির্বাচনের চিন্তা করে আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছে। তাই আমি স্বতন্ত্র এমপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি।’
মুনসুর ফকির আরও বলেন, ‘ত্রিশাল থেকে অতীতে যারা এমপি নির্বাচিত হয়েছেন, তারা গরিবদের খোঁজ-খবর রাখেননি। যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে গরিবদের পাশে থেকে তাদের কাজ করে দেব।’
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরাফাত সিদ্দিকী বলেন, ‘মনসুর আহমেদ নামে একজন মনোনয়ন জমা দিয়েছেন। তবে, তার পেশার জায়গায় সামাজিক কাজ বলে উল্লেখ করেন।’
এ আসনে মোট ১২ জন মনোনয়নপত্র গ্রহণ করে। বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন ও মো. শহিদুল আমিন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এটিএম মাহবুব উল আলম মনোনয়নপত্র দাখিল করেননি। বর্তমানে এ আসনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মামুন/










