সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে নকলা উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

মঙ্গলবার সকাল ১০টা থেকে তারা উপজেলার গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ভোটকেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের প্রস্তুতি, ভোটারদের প্রবেশ ও বহির্গমন পথ এবং সম্ভাব্য ঝুঁকিসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের জন্য তাদের উৎসাহিত করেন। পাশাপাশি গণভোট সংক্রান্ত প্রচারপত্র বিতরণ করা হয়।

এ সময় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, শেরপুর; ডিডি এনএসআই, শেরপুর; নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা; নকলা থানার অফিসার ইনচার্জসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ও গণভোট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

-মাকসুদুর রহমান, শেরপুর