খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ

ছবি:প্রথম আলো

শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে আজ রোববার দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। গতকাল রাতে ঘোষিত এই কর্মসূচি অনুযায়ী ঢাকার পাশাপাশি দেশের সকল বিভাগীয় শহরেও অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই বেলা ১১টা থেকে বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন এবং দুপুর ২টার পর তারা মোড়ের চারপাশের রাস্তা বন্ধ করে অবস্থানে বসেন। এর ফলে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ‘নারায়ে তাকবির’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’—এমন নানা স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হয়েছিলেন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হলেও গত ১৮ ডিসেম্বর তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গত শুক্রবার থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছিল সংগঠনটি।

গতকাল শনিবার রাতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে গিয়ে আগামী ৭ জানুয়ারির মধ্যে অভিযোগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা প্রত্যাখ্যান করে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। এদিকে আজ ডিএমপির এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছেন। তবে তাদের সহায়তাকারী দুই ভারতীয় নাগরিককে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে এই মামলার চার্জশিট জমা দেওয়া হবে।

আফরিনা সুলতানা