নাটোরে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার বাড়িতে ভোট চাইলেন বিএনপির মনোনীত প্রার্থী

নির্বাচনী লড়াইয়ের আগে ঘরের কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার মিশনে নেমেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল। গত শুক্রবার রাতে তিনি আকস্মিক ভাবে পাড়ি জমান দলীয় মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর বাড়িতে। সেখানে তিনি নিজের বড় ভাইয়ের মতো টিপুর দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।
শুক্রবার রাতে লালপুরে তাইফুল ইসলাম টিপুর বাসভবনে গিয়ে হাজির হন ফারজানা শারমিন পুতুল। এই আসন থেকে টিপুও দলের শক্তিশালী মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকদের মধ্যে যে হতাশা ও মান-অভিমান তৈরি হয়েছিল, তা প্রশমিত করতেই পুতুলের এই সৌজন্য সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে।
সাক্ষাৎকালে ফারজানা শারমিন পুতুল আসন্ন নির্বাচনে জয়ের জন্য টিপুর সমর্থন ও ভোট প্রার্থনা করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোট দেওয়ার বিষয়ে টিপু সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি পুতুলের মাথায় হাত রেখে দোয়া করেন এবং আন্তরিকভাবে কথা বলেন। রাজনৈতিক মতভেদ থাকলেও এই সৌজন্যমূলক আচরণ কর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।
শনিবার সকালে ফারজানা শারমিনের ফেসবুক পেজে এই সাক্ষাতের ছবিগুলো প্রকাশ পাওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, টিপু পরম স্নেহে পুতুলের মাথায় হাত রেখে দোয়া করছেন। লালপুর ও বাগাতিপাড়া এলাকার সাধারণ মানুষ এবং বিএনপি নেতা-কর্মীদের মধ্যে এই ছবি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাটোর-১ আসনে বিএনপির জয়ের জন্য তৃণমূলের ঐক্য অত্যন্ত জরুরি। তাইফুল ইসলাম টিপুর মতো ত্যাগী নেতার বিশাল কর্মী বাহিনী রয়েছে। পুতুলের এই পদক্ষেপ মূলত সেই কর্মী বাহিনীকে নির্বাচনী মাঠে নামানোর একটি কৌশল। টিপুর দোয়া পাওয়ায় ধানের শীষের প্রচারণায় নতুন গতি আসবে বলে মনে করছেন সাধারণ নেতা-কর্মীরা।

 

উল্লেখ্য, তফসিল ঘোষণার পর থেকেই এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে জল্পনা-কল্পনা ছিল। শেষ পর্যন্ত দল পুতুলের ওপর আস্থা রাখলেও দলের অভ্যন্তরীণ সংহতি বজায় রাখতে তার এই ঝটিকা সফর অত্যন্ত অর্থবহ বলে মনে করা হচ্ছে।