তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতান্ত্রিক উত্তরণ আরও মসৃণ হবে : শফিকুল আলম

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটে পৌঁছায়। যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৩৯ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, তিনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। তাঁর দেশে আসার প্রভাব হবে ইতিবাচক। সামনে বড় নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছে, আর তারেক রহমানের প্রত্যাবর্তনে এই প্রক্রিয়া আরও মসৃণ হবে।

নিরাপত্তা বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, তারেক রহমানের নিরাপত্তা বিএনপি দেখছে। এ ক্ষেত্রে বিএনপি সরকারের কাছে যে সহযোগিতা চেয়েছে, তা দেওয়া হচ্ছে।

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরীর পদত্যাগ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বিষয়টি গত রাতের ঘটনা হলেও এখনো পদত্যাগের কারণ জানা যায়নি।

এর আগে তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সবাই যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পালন করতে পারে—এটাই সত্যিকারের গণতন্ত্রের লক্ষ্য।

এমইউএম/