ভিলার কাছে পরাজয়, বড় ধাক্কা খেল ম্যানইউ

ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য যেন মরার উপর খাঁড়ার ঘা। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে ২–১ গোলে হারের সঙ্গে যোগ হয়েছে অধিনায়ক ব্রুনো ফের্নান্দেসের চোট। রোববার রাতে ভিলা পার্কে এই পরাজয়ে আরও গভীর সংকটে পড়েছে রেড ডেভিলসরা।

ম্যাচে অ্যাস্টন ভিলার হয়ে জোড়া গোল করেন মর্গান রজার্স। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটি গোল শোধ করেন ম্যাথিউস কুনহা। এই জয়ের মাধ্যমে ১৯৯০ সালের পর প্রথমবার লিগে টানা সপ্তম জয় পেল অ্যাস্টন ভিলা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তাদের টানা দশম জয়।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে হঠাৎ উরুতে ব্যথা অনুভব করেন ব্রুনো ফের্নান্দেস। বিরতি পর্যন্ত মাঠে থাকলেও দ্বিতীয়ার্ধে আর নামেননি পর্তুগিজ মিডফিল্ডার। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম জানান, এটি সম্ভবত হ্যামস্ট্রিংজনিত সফট টিস্যুর চোট।

আমোরিম বলেন, ‘এটা সম্ভবত সফট টিস্যুর চোট। কিছুদিন ব্রুনোকে ছাড়াই খেলতে হতে পারে। কতদিন লাগবে এখনই বলা যাচ্ছে না। ও সাধারণত খুব ফিট থাকে, তাই আশা করছি দ্রুতই ফিরবে।’

ব্রুনোর চোট ইউনাইটেডের জন্য বড় ধাক্কা। এরই মধ্যে আফ্রিকা কাপ অব নেশনসে ব্যস্ত থাকায় ব্রায়ান এমবেউমো, আমাদ দিয়ালো ও নুসাইর মাজরাউইকে পাচ্ছে না দলটি। চোটের কারণে বাইরে আছেন ম্যাথিয়াস ডি লিট ও হ্যারি ম্যাগুয়ার। শেষ মুহূর্তে পায়ের পেশির টানের কারণে অ্যাস্টন ভিলার বিপক্ষে দলে জায়গা পাননি কোবি মাইনু।

খেলোয়াড় সংকটের কারণে ভিলার বিপক্ষে ম্যাচে ১৮ বছর বয়সী জ্যাক ফ্লেচার ও শে লেসিকে অভিষেক করাতে বাধ্য হন কোচ আমোরিম।

আগামী ২৬ ডিসেম্বর রাতে বক্সিং ডে ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচে ব্রুনো খেলতে না পারলে ২০২০ সালে ক্লাবে যোগ দেওয়ার পর তৃতীয়বারের মতো চোটের কারণে ম্যাচ মিস করবেন তিনি।

লিগ টেবিলে ১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে অ্যাস্টন ভিলা। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। অন্যদিকে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এমইউএম/