কুড়িগ্রামে কমিটি ঘোষণার একদিন পরে বৈষম্যবিরোধী এক নেত্রীর পদত্যাগের ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি ঘোষণার একদিন পরই যুগ্ম সদস্য সচিব পদ থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক লিখিত পদত্যাগপত্রের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জান্নাতুল ফেরদৌস যুথি।

তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন, গত ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির এক বিবৃতির মাধ্যমে কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে তাকে যুগ্ম সদস্য সচিব পদে অন্তর্ভুক্ত করা হলেও এ বিষয়ে তার কোনো ধরনের সম্মতি বা মতামত নেওয়া হয়নি। যা তিনি অপমানজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি যুক্ত থাকলেও তিনি কোনো রাজনৈতিক বা অর্ধ-রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে আগ্রহী নন। বৈষম্যবিরোধী আন্দোলন নিজেদের অরাজনৈতিক দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই কাজ করছে। এ বিষয়টি কারও অজানা নয়। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না এবং আপাতত রাজনীতিতে জড়ানোরও কোনো ইচ্ছা নেই। আমার পরিবার সম্পূর্ণভাবে অরাজনৈতিক আমরা কেউই রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই না। কলেজের প্রোটোকল ভঙ্গ করা কিংবা আমার পড়াশোনার ক্ষতি করা আমি চাই না। এসব কারণ বিবেচনায় নিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।