সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাই-নভেম্বর মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। সেখানে উঠে এসেছে বাস্তবায়নের চিত্র।
আইএমইডি সূত্রে জানা গেছে, সংসদবিষয়ক সচিবালয়ের এক প্রকল্পে ২০ লাখ টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও এখনো কোনো খরচ করা হয়নি।
স্বাস্থ্যসেবা বিভাগের ১৫টি প্রকল্পে বরাদ্দ ছিল ৭ হাজার ৪৮৪ কোটি টাকা, কিন্তু পাঁচ মাসে খরচ হয়েছে মাত্র ২৯৩ কোটি টাকা। একইভাবে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৪ হাজার ৮১০ কোটি টাকার বরাদ্দের মধ্যে খরচ হয়েছে মাত্র ৮৬ কোটি টাকা।
অন্য বিভাগগুলোর ক্ষেত্রে খরচের হারও কম। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বরাদ্দের ২.৩১ শতাংশ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ২.১২ শতাংশ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ৩.৩০ শতাংশ, সুরক্ষা সেবা বিভাগ ২.৪৩ শতাংশ এবং জননিরাপত্তা বিভাগ ১.২৫ শতাংশ খরচ করেছে।
গত জুলাই-নভেম্বর মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ১১.৭৫ শতাংশ, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সব মিলিয়ে ২৮ হাজার ৪৩ কোটি টাকা খরচ হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬ হাজার কোটি টাকা কম।
চলতি অর্থবছরে মোট ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। বর্তমানে ১,১৯৮টি প্রকল্প বাস্তবায়ন চলছে।
বিথী/










