তাইওয়ানের রাজধানী তাইপেতে শুক্রবার বিকেলে ছুরি হামলার ঘটনায় তিনজনের মৃত্যু এবং ১১ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন বলে জানিয়েছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং-তাই।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে হামলাকারী ছুরি হাতে হামলা চালান। পুলিশের ধাওয়ার সময় তিনি একটি ভবন থেকে পড়ে মারা যান। হামলার আগে প্রধান ট্রেন স্টেশনে মোলোটভ ককটেল ছোড়া হয় এবং এরপর সাবওয়ে স্টেশনের দিকে দৌড়ে গিয়ে মানুষকে আক্রমণ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি হামলাকারীকে থামানোর চেষ্টা করলে তাকে ভোঁতা বস্তু দিয়ে আঘাত করা হয়। ওই ব্যক্তি পরে হাসপাতালে মারা যান। এরপর সন্দেহভাজন ৮০০ মিটার দূরে ঝংশান স্টেশনের দিকে পালিয়ে যান। তিনি একটি বইয়ের দোকান এবং ডিপার্টমেন্টাল স্টোরেও প্রবেশ করেন। তবে পুলিশ তাকে ঘিরে ফেলার পর ভবন থেকে লাফিয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যু হয়।
প্রধানমন্ত্রী চো জং-তাই জানান, সন্দেহভাজনের নাম চ্যাং ওয়েন। তিনি তাইওয়ানের নাগরিক। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। প্রসিকিউটররা বলেন, ২৭ বছর বয়সী চ্যাংকে সামরিক আইন ভঙ্গের অভিযোগে গত জুলাই মাস থেকে খোঁজা হচ্ছিল।
তাইওয়ানে এই ধরনের সহিংস ঘটনা বিরল। দেশে সহিংস অপরাধের হার কম। শেষবারের মতো এ ধরনের ঘটনা ঘটে ২০১৪ সালে, অর্থাৎ এক দশকেরও বেশি সময় আগে।
এমইউএম/










