আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘১৭৫ থেকে ২০০ জন’ পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
বুধবার র নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বাংলাদেশে ইইউ নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের প্রধানের দায়িত্ব পেয়েছেন ইভার্স ইইয়াবস।
সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইইউ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি হয়েছে। এ চুক্তির আলোকে ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে।
“এখন পর্যন্ত ডেলিগেশন প্রধানের নাম জানানো হয়েছে। আমাদের ধারণা দেওয়া হয়েছে যে, ১৭৫ থেকে ২০০ জনের মতো পর্যবেক্ষক আসতে পারেন। তবে সুনির্দিষ্ট সংখ্যা এবং তাদের বিস্তারিত সূচি পরে জানানো হবে।”
সচিব জানান, ত্রিপক্ষীয় চুক্তির আওতায় পর্যবেক্ষক দলকে প্রয়োজনীয় প্রশাসনিক সুবিধা দেওয়া হবে। বিশেষ করে তাদের যাতায়াত ও চলাফেরায় কমিশন সহযোগিতা করবে। আবার পার্বত্য চট্টগ্রামের মতো বিশেষ কিছু ক্ষেত্রে স্থানীয় নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলতে হবে বলেও জানান আখতার আহমেদ।
তিনি বলেন, “তারা তাদের সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আসবেন এবং কাজ শেষে তা ফেরত নিয়ে যাবেন। এছাড়া তারা বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা মেনেই কাজ করবেন বলে চুক্তিতে উল্লেখ আছে।”
ইইউ ছাড়া এখন পর্যন্ত তুরস্ক থেকে এবং আরও দুই-একটি সংস্থা থেকে পর্যবেক্ষণের বিষয়ে প্রস্তাব এসেছে বলে তুলে ধরেন ইসি সচিব।
গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন সিইসি।
মামুন










