ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সচিব লিয়াকত আলী মোল্লার সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন। এটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২৮ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এই পদত্যাগপত্র দাখিল করা হয়। মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি পদত্যাগ করেছেন। ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ২৭ ডিসেম্বর নিজের অব্যাহতিপত্র অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিয়েছিলেন মো. আসাদুজ্জামান।

প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন। দুদিন পর ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র দেন। পরদিন ৮ আগস্ট সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন।

পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পান। ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন ফরম কেনার পর তিনি পদত্যাগ করেন।

সানা