এখন থেকে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ছাড়াই করা যাবে চ্যাট

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) নতুন একাধিক ফিচার চালু করেছে, যা ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও মজাদার, নিরাপদ ও ব্যক্তিগতকরণে সমৃদ্ধ করবে। কিছু ফিচার ইতিমধ্যেই স্টেবল ভার্সনে এসেছে, আবার কিছু এখনো বিটা পর্যায়ে পরীক্ষাধীন।

মোশন ফটো পাঠানোর সুবিধা
হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহারকারীদের জন্য মোশন ফটো ফিচার চালু করেছে। এর মাধ্যমে ছবিতে মুভমেন্ট ও অডিও যোগ করে সরাসরি চ্যাট, গ্রুপ বা চ্যানেলে পাঠানো যাবে, তৃতীয় পক্ষের অ্যাপের প্রয়োজন ছাড়াই।

অচেনা গ্রুপে যোগ হলে সতর্কবার্তা
স্ক্যাম প্রতিরোধে নতুন সিকিউরিটি আপডেট যুক্ত হয়েছে। কোনো অপরিচিত ব্যক্তি ব্যবহারকারীকে গ্রুপে যোগ করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাঠানো হবে, যাতে অনাকাঙ্ক্ষিত গ্রুপে যোগ হওয়া এড়ানো যায়।

অ্যাকাউন্ট ছাড়াই চ্যাট (Guest Chat)
সবচেয়ে আলোচিত নতুন ফিচার হলো ‘গেস্ট চ্যাট’। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও কারো সঙ্গে চ্যাট করা সম্ভব। বর্তমানে এটি বিটা ফর অ্যান্ড্রয়েড 2.25.22.13 ভার্সনে পরীক্ষাধীন।

গ্রুপে সরাসরি স্টেটাস আপডেট
নতুন আপডেটে গ্রুপ ইনফো স্ক্রিন থেকেই স্টেটাস তৈরি ও শেয়ার করা যাবে। গ্রুপ আইকন বা আপডেটস ট্যাব থেকে স্টেটাস দেখা যাবে। ফিচারটি বিটা ফর অ্যান্ড্রয়েড 2.25.22.11-এ পাওয়া যাচ্ছে।

ওয়েভ ইমোজি দিয়ে শুভেচ্ছা
নতুন কোনো কন্ট্যাক্টের সঙ্গে প্রথমবার চ্যাট শুরু করার সময় ব্যবহারকারীরা ওয়েভ ইমোজি পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন। এটি বর্তমানে বিটা ভার্সনে চালু রয়েছে।

ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে প্রোফাইল ছবি ইমপোর্ট
যারা ফোন থেকে পুরনো প্রোফাইল ছবি হারিয়েছেন, তাদের জন্য রয়েছে সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে প্রোফাইল ছবি ইমপোর্ট করার সুবিধা। এটি বিটা ফর অ্যান্ড্রয়েড 2.25.21.23 ভার্সনে পরীক্ষাধীন।

এই নতুন আপডেটগুলোর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা, ব্যক্তিগতকরণ এবং স্মার্ট চ্যাটিং অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে কাজ করছে।

অবি/