মাসের পর মাস নেটদুনিয়ায় ঘুরপাক খাচ্ছিল গুঞ্জন-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির দাম্পত্য নাকি টালমাটাল। কেউ কেউ তো বলেই বসেছিলেন, বিচ্ছেদ নাকি সময়ের অপেক্ষা। কিন্তু সম্প্রতি মিথিলার এক সাক্ষাৎকারে সেই সব জল্পনার রেশ যেন মিলিয়ে গেল।
একটি সংবাদমাধ্যম জানায়, বর্তমানে মিথিলা আছেন মুম্বাইয়ে, সৃজিতের সঙ্গেই। ঠিক কবে সেখানে গেছেন তা নিশ্চিত নয়, তবে দু’জনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যাওয়ার পর গুঞ্জনের হাওয়া থমকে গেছে।
সাক্ষাৎকারে মিথিলা বলেন, “সৃজিতের অনেক পরিবারের সদস্যকে আমি কখনও দেখিইনি। এবার সবার সঙ্গে দেখা হলো। আইরাকেও (মেয়ে) পরিচয় করিয়ে দিলাম। গত বছর আমাদের শেষ দেখা হয়েছিল, এরপর আর দেখা হয়নি। তাই এবার একসঙ্গে একটু সময় কাটালাম, গল্প করলাম। খুব বেশি ঘোরা হয়নি।”
মুম্বাই ঘোরার মজার অভিজ্ঞতার কথাও জানান তিনি। “আমি সৃজিতকে বললাম, ‘গেটওয়ে অফ ইন্ডিয়া দেখাবে?’ ও খুব সিরিয়াস মুখে বলল, ‘ওটা এখন বন্ধ, কাপড় দিয়ে ঢেকে রেখেছে।’ আমি ভেবেই অবাক! এত বড় জায়গা ঢেকে রাখা যায়? পরে গুগলে দেখে বুঝলাম, আমাকে বোকা বানিয়েছে! এভাবেই প্রায়ই মজা করে আমাকে ফাঁদে ফেলে।”
তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন আগেও চাউর হয়েছিল। সেই সময় এক পডকাস্টে মিথিলার মন্তব্যে আবারও আলোচনার ঝড় ওঠে। তিনি বলেছিলেন, “২০২৪ সালের জুলাইয়ের পর কলকাতায় যাইনি, ভিসাও নেই।” উপস্থাপক সরাসরি জিজ্ঞেস করলে সৃজিত এখনও তার স্বামী কি না, মিথিলা তখন রহস্য রেখে বলেন, “কে কী বলছে তারা বলুক, আমি কিছু বলব না।” তবে স্বীকার করেন, “পাসপোর্টে সৃজিতের নাম এখনও আছে।”
সব মিলিয়ে, বিচ্ছেদের গুঞ্জন থাকলেও বাস্তবে মিথিলা–সৃজিতের সম্পর্ক জমেই আছে—এমনটাই বোঝা যাচ্ছে তাদের সাম্প্রতিক সময় কাটানোর চিত্রে।










