যুক্তরাষ্ট্রের আদালতে মাদক সম্রাট ‘এল চাপো’র ছেলের মাদক মামলায় দোষ স্বীকার

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজমানের এক ছেলে সোমবার শিকাগোর একটি আদালতে মাদক পাচারের অভিযোগে দোষ স্বীকার করেছেন। কম সাজা পাওয়ার বিনিময়ে মার্কিন প্রসিকিউটরদের সহযোগিতা করার সমঝোতার অংশ হিসেবে তিনি এ দোষ স্বীকার করেন।

কারাগারে থাকা সিনালোয়া কার্টেল নেতা গুজমানের চার ছেলের মধ্যে একজন হোয়াকিন গুজমান লোপেজ মাদক পাচার এবং একটি অপরাধমূলক উদ্যোগে জড়িত থাকার অভিযোগে দোষ স্বীকার করেন। আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে টেক্সাসে গ্রেপ্তার হওয়ার পর তিনি শুরুতে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। কিন্তু এবার সেই অবস্থান থেকে সরে এলেন।