মানুষ যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে, সন্তান যেন নিরাপদে স্কুলে যেতে পারে, পরিবার যেন ভয়হীনভাবে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডিতে তিনি এ আহ্বান জানান।
জামায়াতে আমীর বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে মিরপুর এলাকার বাস্তব পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। মিরপুর এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি, নকল টাকা ছাপানোসহ সকল অবৈধ কাজ বন্ধে আমরা বদ্ধপরিকর’।
তিনি বলেন, ‘অপরাধ কঠোরভাবে দমনের পাশাপাশি জনমনে শান্তি ও আস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব, পেশাদার ও কার্যকর ভূমিকা পালনের দাবি জানাচ্ছি’।
আমীরে জামায়াত আরও বলেন, ‘আমি মিরপুরবাসীসহ সকল নাগরিককে অনুরোধ করছি- আপনারা সচেতন থাকুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, প্রয়োজনে তথ্য দিন, সহযোগিতা করুন। নিরাপদ সমাজ গড়তে সবার সম্মিলিত সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন’।
-বেলাল










