ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৩০টি বড় হজ এজেন্সিকে চিঠি পাঠিয়ে জানিয়েছে, আগামী ৫ মার্চের মধ্যে সকল হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চিঠিতে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং গ্রুপিং সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় জানা গেছে, এই ৩০টি এজেন্সির অধীনে মোট ৭,৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১,৩০৬ জন বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস-এর অধীনে বাকি, আর সর্বনিম্ন ১০ জন এহসান এয়ার ট্রাভেলস-এর অধীনে।
চিঠিতে বলা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সময়সূচি অনুযায়ী ২০ মার্চের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ শেষ করতে হবে। ভিসা আবেদনের আগে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিটনেস সনদ সংগ্রহ এবং টিকা গ্রহণ বাধ্যতামূলক। সাধারণত ভিসা প্রক্রিয়াকরণে ৫–১০ দিন সময় লাগে, তবে কারিগরি জটিলতা থাকলে সময় আরও লাগতে পারে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০ মার্চের কাছাকাছি ঈদুল ফিতরের ছুটির কারণে বাংলাদেশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট অফিসগুলো বন্ধ থাকবে, তাই পর্যাপ্ত সময় হাতে রেখে স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন করা জরুরি।
-এমইউএম










