রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোসা. শাহরিয়ার শারমিন বিন্থী (১৪) নামে স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে হায়দার হোটেলের গলিতে ঘটনাটি ঘটে।
নিহত বিন্থী শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাছিকাটা গ্রামের বিল্লাল হোসেন ও নাদিয়া বেগমের মেয়ে। সে রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। বর্তমানে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পাঁচতলায় ভাড়াবাসায় পরিবারের সাথে থাকতো।
জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিকদার মেডিকেল, সেখান থেকে রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা নিহতের বাবা বেল্লাল হোসেন জানিয়েছেন, শাহরিয়ার শারমিন তার ছোট ভাইকে নিয়ে বের হয়েছিল। ছোট ভাইকে মসজিদে দিয়ে সে কিছু কিনতে গিয়েছিল, এর মধ্যে কে বা কারা আমার মেয়েকে হাজারীবাগ হায়দার হোটেলের গলিতে ছুরিকাঘাত করে আহত করে ফেলে রাখে। সংবাদ পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
-সাইমুন










