ইউক্রেনীয় প্রধান আলোচক রুস্তেম উমেরভ বৃহস্পতিবার জেনেভায় মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে কিয়েভ। মার্চের শুরুর দিকে রাশিয়াকে নিয়ে নতুন ত্রিপক্ষীয় বৈঠকের আগে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এই বৈঠকগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চলমান সর্বশেষ দফার আলোচনা, যা এখন পর্যন্ত ক্রেমলিনের চার বছর ধরে চলা ইউক্রেন আগ্রাসন বন্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাংবাদিকদের জানান, আগামীকাল তিনি মার্কিন আলোচক উইটকফ ও (জ্যারেড) কুশনারের সঙ্গে বৈঠক করবেন।
তিনি আরও জানান, এই বৈঠক রাশিয়াকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতির অংশ। আমাদের বিশ্বাস, সেই বৈঠকটি মার্চের শুরুর দিকে অনুষ্ঠিত হবে।
উমেরভের একজন উপদেষ্টা পৃথকভাবে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবারের বৈঠকটি জেনেভায় অনুষ্ঠিত হবে। চলতি মাসের শুরুতে সেখানেই রুশ, ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছিল।
বৃহস্পতিবারের আলোচ্য সূচিতে যুদ্ধবন্দি বিনিময় ও ইউক্রেন পুনর্গঠনের জন্য একটি সমৃদ্ধি প্যাকেজও রয়েছে বলে উল্লেখ করেন জেলেনস্কি।
উইটকফ চলতি সপ্তাহের শুরুর দিকে আলোচনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এর লক্ষ্য হলো কীভাবে আমরা একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে পারি, সে বিষয়ে বিভিন্ন সম্ভাব্য উপায় অনুসন্ধান করা।
-সাইমুন










