রমজানে ২৫ টাকায় হালি লেবু বিক্রি, স্বস্তিতে দোহারবাসী

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে যখন সাধারণ মানুষ দিশেহারা, ঠিক তখনই ব্যতিক্রম উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন পরিবেশ আন্দোলন। সংগঠনটি ন্যায্যমূল্যে লেবু বিক্রির কার্যক্রম শুরু করে সাধারণ মানুষের মাঝে স্বস্তির বার্তা ছড়িয়ে দিয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দোহার উপজেলার জয়পাড়া কালেমা চত্বরে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালাউদ্দিন মনির-এর তত্ত্বাবধানে মাত্র ২৫ টাকা হালি দরে লেবু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বর্তমানে বাজারে যেখানে প্রতি হালি লেবু ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।

মো. সালাউদ্দিন মনির বলেন,
“রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় লেবুসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেন। আমরা সেই সিন্ডিকেট ভাঙতে এবং নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের পাশে দাঁড়াতে ন্যায্যমূল্যে লেবু বিক্রি শুরু করেছি। কেনা দামের চেয়ে ১ টাকাও লাভ রাখা হচ্ছে না। দোহার পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রতিদিন এ কার্যক্রম চলমান থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে লেবু কেনা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। ৮০–১০০ টাকা দিয়ে একাধিক হালি লেবু কেনা সাধারণ পরিবারের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।
এমন পরিস্থিতিতে ২৫ টাকায় হালি লেবু বিক্রি উদ্যোগকে তারা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মনে করছেন।
ক্রেতারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন—রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে বাজার তদারকি ও কার্যকর পদক্ষেপ জোরদার করার জন্য।
এই উদ্যোগ শুধু স্বস্তিই দেয়নি, বরং সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্তও স্থাপন করেছে দোহার এলাকায়।

মাহমুদুল হাসান সুমন, দোহার