স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলেই তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার দুপুরে তিনি বলেন, পয়লা বৈশাখের আগেই ধাপে ধাপে প্রস্তুতির কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কমিশন। তবে সংরক্ষিত মহিলা আসন, রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনসহ কিছু বিষয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আমাদের কাছে চিঠি এসেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।”

তিনি জানান, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের অংশ হওয়ায় গুরুত্ব বিবেচনায় আপাতত এগুলোই কমিশনের অগ্রাধিকার তালিকায় রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত এ দুই আসনে নির্বাচন সম্পন্নের কাজ চলছে।

সিটি নির্বাচন সংসদীয় উপনির্বাচনের কারণে বিলম্বিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেরি হবে, এমনটা বলব না। সিটি করপোরেশন ও স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে ডিলিমিটেশন, আইনগত জটিলতা বা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় আছে কি না- এসব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও জানান, প্রয়োজনের অতিরিক্ত সময় ব্যয় না করে সব প্রক্রিয়া শেষ করার পরই সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে এবং সময়মতো তা সম্পন্ন করা সম্ভব হবে বলে কমিশন আশাবাদী।

চ্যালেঞ্জ প্রসঙ্গে ইসি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ক্ষেত্রেও নানা চ্যালেঞ্জ ছিল। সবার সহযোগিতায় আমরা সফলভাবে তা মোকাবিলা করেছি। সিটি করপোরেশন নির্বাচনও সফলভাবে সম্পন্ন করতে পারব বলে আশা করছি।”

সংরক্ষিত মহিলা আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে পূরণের প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচন কমিশন বিদ্যমান আইন অনুযায়ী কাজ করবে। আইন পরিবর্তন হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া প্রথমবারের মতো ১৬ বছর ও তদূর্ধ্ব নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে ইসি আনোয়ারুল বলেন, আইন অনুযায়ী ১৮ বছর পূর্ণ হলেই তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভবিষ্যতে আরও কম বয়সীদের জাতীয় পরিচয়পত্রের আওতায় আনার বিষয়েও কমিশন পদক্ষেপ নিতে পারে।

-বেলাল