ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের জোতপাড়া ঢোরামারা পুকুর সংলগ্ন এলাকায় আলুবোঝাই একটি ভোটভোটি (শ্যালো ট্রাক্টর) ও পুলিশের একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান হরিপুর থানা পুলিশের সদস্যরা।
ঘটনাটি ঘটে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢোরামারা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আলুবোঝাই ভোটভোটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা হরিপুর থানা পুলিশের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পুলিশের পিকআপ ভ্যানটি রাস্তার ধারে পড়ে যায়।
পুলিশ সদস্যরা জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য হরিপুর থানায় আনা কিছু শটগান ঠাকুরগাঁও পুলিশ লাইনে ফেরত দেওয়ার উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন। পথে এ দুর্ঘটনার শিকার হন তারা। তবে এতে কোনো পুলিশ সদস্য গুরুতর আহত হননি।
দুর্ঘটনার খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানার এসআই এরশাদ আলী ও এসআই আবু বক্কর সিদ্দীক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পিকআপ ও বহনকৃত অস্ত্র উদ্ধার করেন। পরে নিয়ন্ত্রণ হারানো আলুবোঝাই ভোটভোটি ট্রাক্টরটি জব্দ করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
-মো. জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও










