নাসা স্থগিত করল আর্টেমিস-২ চাঁদ মিশন

৫০ বছরের বেশি সময় পর চাঁদে প্রথম ক্রূড ফ্লাইবি মিশন হিসেবে পরিকল্পিত আর্টেমিস-২ মিশন আগামী মার্চে হবে না। নাসা জানিয়েছে, দীর্ঘ স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটে হেলিয়ামের প্রবাহে সমস্যা ধরা পড়ায় উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে।

নাসার প্রধান জারেড আইস্যাকম্যান সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই সিদ্ধান্তে মানুষ হতাশ হলেও নাসার দল দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে সমস্যার সমাধান করছে। তিনি উল্লেখ করেছেন, ১৯৬০-এর দশকের চাঁদ অভিযানের সময়ও নাসা বহু প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছিল।

বর্তমানে এসএলএস রকেট এবং অরিয়ন স্পেসক্রাফটকে কেনেডি স্পেস সেন্টারের ভেহিকেল অ্যাসেম্বলি বিল্ডিংয়ে ফিরিয়ে আনা হয়েছে। এখানে সমস্যাগুলো খুঁজে বের করা এবং প্রয়োজনীয় মেরামত করা হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আর্টেমিস-২ মিশন প্রায় ১০ দিন স্থায়ী হবে এবং এতে তিনজন মার্কিন ও একজন কানাডিয়ান নভোচারী চাঁদের চারপাশে পর্যবেক্ষণ করবেন। মিশনের উদ্দেশ্য হলো চাঁদকে ভবিষ্যতের মঙ্গল মিশনের প্রস্তুতির জন্য ব্যবহার করা।

এর আগে আর্টেমিস-১ মিশন বহু বিলম্ব এবং প্রযুক্তিগত সমস্যা পেরিয়ে ২০২২ সালের নভেম্বরে সফলভাবে উৎক্ষেপণ সম্পন্ন করেছিল। নাসা আশা করছে, আর্টেমিস-২-এর সফল উৎক্ষেপণ ভবিষ্যতের মঙ্গল মিশনের পথ সুগম করবে।

-বেলাল