পুলিশের শীর্ষ পদে বড় রদবদলের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর আদাবরে একটি কারখানায় সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির ঘটনার প্রেক্ষাপটে পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
রাজধানীর আদাবরে চাঁদা না পেয়ে একটি এমব্রয়ডারি কারখানায় সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই সংবাদটি আমার কানে এসেছে। আমি তাৎক্ষণিক তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এ বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা নেব। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা বাড়াতে পুলিশের টপ লেভেলে পরিবর্তনের বিষয়ে মন্ত্রী বলেন, “হ্যাঁ, পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবেই।” তবে এই রদবদল ঠিক কবে নাগাদ হবে বা কারা দায়িত্বে আসছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত খোলসা না করলেও এটি যে শিগগিরই ঘটছে, সেই ইঙ্গিত দিয়েছেন।
আসন্ন সংসদ অধিবেশন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসার তারিখ নির্ধারিত হয়েছে। তিনি বলেন, “সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে সামারি রাষ্ট্রপতির কাছে যাবে এবং রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে অধিবেশন আহ্বান করা হবে।”
প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলের অধ্যাদেশসমূহ উপস্থাপন, প্রথা অনুযায়ী শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ প্রদান করা হবে।
নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার পদের নাম অধিবেশনের আগে চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বর্তমানে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
লামিয়া আক্তার