দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

দায়িত্বশীলতা, সততা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, অন্যের ওপর নির্ভর না করে নিজেদের দায়িত্ব নিজেকেই নিতে হবে। তবেই সোনার বাংলাদেশ গঠন সম্ভব।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-১৩ নম্বরে পিটিআইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি জাতির অগ্রযাত্রা তার ভিত্তির ওপর নির্ভর করে। সেই ভিত্তি হতে হবে দুর্নীতিমুক্ত, নৈতিকতায় দৃঢ় এবং সুশাসননির্ভর। ভিত শক্ত হলে তার ওপর দাঁড়িয়ে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা সম্ভব।

তিনি আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ ও দেশপ্রেম জাতি প্রত্যক্ষ করেছে। তবে শুধু আবেগ দিয়ে রাষ্ট্র পরিবর্তন হয় না; পরিবর্তন আসে ধারাবাহিক দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে কাজ করার ফলে।

দেশপ্রেমের সত্যিকারের প্রকাশ স্লোগানে নয়, কাজে এ কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, দুর্নীতিমুক্ত ও শৃঙ্খলাবদ্ধভাবে দায়িত্ব পালন করতে পারলে দেশের ভিত্তি আরও সুদৃঢ় হবে।

শিক্ষাক্ষেত্রে তিনটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেন কারিকুলাম, শ্রেণিকক্ষ ও ধারাবাহিকতা (কনসিস্টেন্সি)। সঠিক পাঠ্যক্রম, কার্যকর শ্রেণিকক্ষ পরিবেশ এবং নিয়মিত মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে আগামীর বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশে পরিণত হবে।

-এমইউএম