ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

ছুটির দিনে অফিস করার উদ্যোগ বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কাজের গতিশীলতা বাড়াতে তিনি সপ্তাহের ছুটির দিন শনিবারও অফিস করার ঘোষণা দিয়েছিলেন। শপথ গ্রহণের পর প্রথমবারের মতো শনিবার তিনি তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) যোগ দেন।

এদিন সকাল ১০টা ১৩ মিনিটে পতাকাবিহীন গাড়িতে কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। গুলশান বাসভবন থেকে কোনও জাঁকজমক ছাড়াই তিনি সাধারণের মতো অফিসে যোগ দেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে নিয়মিত দাফতরিক কাজ করেছেন তিনি, কিন্তু তেজগাঁওয়ের এই কার্যালয়ে এটি প্রথমবারের অফিস কার্যক্রম।

এর আগে ১৯ ফেব্রুয়ারি এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সপ্তাহের ছুটির দিনেও সরকারি কাজ দ্রুত করতে অফিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে আজকের এই অফিস যাত্রা। প্রধানমন্ত্রী পৌঁছানোর আগে থেকেই সেখানে সরকারের বিভিন্ন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। এই কার্যালয়েই ১৯৯১ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার মা বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর তারেক রহমানও একই কার্যালয়ে প্রধানমন্ত্রী হিসেবে দাফতরিক কার্যক্রম শুরু করলেন।

-এমইউএম