সাকিবের দেশে ফেরা নিয়ে যা বললেন আসিফ আকবর

গত মাস থেকে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে জোরালো আলোচনা শুরু হয়। কয়েক সপ্তাহ ধরে এই আলোচনা অব্যাহত থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিবাচক মনোভাব দেখানোর কারণে সাকিবের ফেরার সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে বিসিবিও সাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল, আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে ফিরবেন। সেই অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে খেলার সম্ভাবনা তৈরি হতে পারতো। তবে চলতি মাসে সাকিব দেশে ফিরছেন না।

বিসিবি পরিচালক আসিফ আকবর শুক্রবার এক টক শো-তে বলেন, “সাকিবের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। সবশেষ আমি যখন আমেরিকায় গিয়েছিলাম, সেখানেও কথা হয়েছে। সাকিব বলেছে সে খেলতে চায়। এরপর বোর্ড পরিচালকদের সম্মতিক্রমে আমরা সাকিবকে বাংলাদেশ দলে চেয়েছি।”

সাকিবের বিরুদ্ধে পুরোনো মামলা ও আইনি বিষয় নিয়ে আসিফ বলেন, “সাকিবের মামলা বা অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তার আইনজীবী বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে। আমরা খুব দ্রুত সম্ভবত রোববার-সোমবারের মধ্যে কেসের ফাইলগুলো সরকারের কাছে পাঠাব। পরবর্তী দায়িত্ব সরকারের।”

একই অনুষ্ঠানে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, “সাকিব একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পারফরম্যান্স চমৎকার। যদি ফিটনেস ভালো থাকে, সে দলে খুবই কার্যকর হবে। সে বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড।”

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, “সাকিব-মাশরাফির বিষয় রাষ্ট্রীয়ভাবে দেখব। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তা দ্রুত সমাধান করে আমরা চাই তারা ফেরুক। আমরা চাই বাংলাদেশের ক্রিকেটে সাকিব ও মাশরাফি ফিরে আসুক।”

-এমইউএম