পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। “হ্যাঁ-না ভোট হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিকভাবে পার্লামেন্টে বিলটি উত্থাপিত হবে। ‘হ্যাঁ’ এর জন্য আলাদা শপথের প্রয়োজন নেই, এটি অটোমেটিক কার্যকর হবে। এটাই জুলাই সনদ,” বলেন তিনি।
তিনি আরও বলেন, যেখানে ‘না’ ভোট হয়েছে, সেসব বিষয়ে পার্লামেন্টে উত্থাপন ও আলোচনা হবে। নির্ধারণ করা হবে যেসব ক্ষেত্রে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আইন বিশেষজ্ঞরা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
মব (ভিড়) বিষয়ে তিনি বলেন, যারা মব করছেন, তাদের উচিত সেখান থেকে সরে আসা। “মব মানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার দেশের জন্য বাধা হতে পারে। তাই সবাইকে দায়শীল ও দায়িত্ববান অবস্থান থেকে কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করতে হবে। যারা এর বাইরে কিছু করবেন, তার দায়দায়িত্ব তাদের ওপর থাকবে।”
এ্যানি চৌধুরী আরও বলেন, “সরকারকে কিভাবে সহযোগিতা করা যাবে, দেশকে কিভাবে আন্তরিকভাবে এগিয়ে নেওয়া যায় এই বিষয়ে মনোযোগ দেওয়া দরকার। মতপার্থক্য থাকতে পারে, তবে সব বিষয়ে বিরোধিতা করতে হবে এমন মনোভাব থেকে সরে এসে দেশ গঠনের জন্য সকলে আন্তরিকভাবে কাজ করবে।”
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
-এমইউএম










