নির্বাচনে বিজয়ী হয়ে ঢাকায় শপথ গ্রহণ ও অবস্থান শেষে ২০ ফেব্রুয়ারি -২০২৬ শুক্রবার দুপুরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান দিনাজপুর-৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীদের এমন ভালোবাসা ও উচ্ছ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
সৈয়দপুর থেকে দিনাজপুর শহরে নিজ বাসায় আসার আগ পর্যন্ত তিনি বিভিন্ন স্থানে নির্বাচনী এলাকার ভোটার ও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর প্রেসক্লাবে আসলে সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। পরিকল্পনা মাফিক দিনাজপুর শহরকে একটি মডেল শহর হিসাবে তৈরি করার ঘোষণা দেন।
এ সময় তিনি মাদক এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
উল্লেখ্য, সৈয়দ জাহাঙ্গীর আলম ১২ই ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে ১ লক্ষ ৪০হাজার ৬০৮ভোট পেয়ে এমপি নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী এর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ মাইনুল আলম পেয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার ২৩৯ ভোট।
অপর দিকে দিনাজপুর সদর আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিন ট্রাম (পরপর তিনবার) জনগণের ভোটে নির্বাচিত হয়ে আন্তরিকতা , সততা ও সফলতার সাথে দিনাজপুর পৌরসভার মেয়র এর দায়িত্ব পালন করেন এবং তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
–মোঃ ইউসুফ আলী, দিনাজপুর










