বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ঝরে গেল দুই তরুণের প্রাণ

শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) আনুমানিক বেলা ১২টা ৩০ মিনিটের দিকে বিরামপুর পৌর এলাকার টিএন্ডটি অফিসের সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন মোঃ সজিব হাসান (২৫), পিতা- মোঃ মিজানুর রহমান এবং মোঃ রাব্বি, পিতা- মোঃ বাবলু সরকার। তাদের বাড়ি ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও সড়কে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

সাকিব হাসান নাইম, ঘোড়াঘাট (দিনাজপুর)