কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশে ৭০ ভাগ মানুষ কৃষিনির্ভর। তাদের উন্নয়নই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। তিনি বলেন, “কৃষিক্ষেত্র উন্নত হলে দেশের অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। এখন দরকার মাঠ-পর্যায়ে সংশ্লিষ্টদের সক্রিয় সহযোগিতা।”
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সার্কিট হাউজে কৃষি, খাদ্য ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, সরকার কৃষি বান্ধব নীতি অনুসরণ করছে এবং দেশের কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, “গত নির্বাচনে বিএনপির যে প্রতিশ্রুতি ছিল, তা মূলত কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন কৃষকরা। ৭০ ভাগ লোক ভালো থাকলে সরকারও ভালো থাকবে।”
তিনি দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী তাকে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন এবং এই দায়িত্ব পালন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতা অপরিহার্য।
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
-বেলাল










