মেক্সিকোতে খেলার মাঠে বন্দুক হামলা, হতাহত ১০

মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি ব্যস্ত খেলার মাঠে বন্দুকধারীদের গুলিতে দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে আতঙ্কে চিৎকার করতে থাকা মায়েরা এবং দৌড়ে পালাতে থাকা শিশুদের এক ভয়াবহ দৃশ্য তৈরি হয়েছিল।

মঙ্গলবার রাতে ছোট শহর সান ফ্রান্সিসকো দেল রিনকন-এ এ হামলা শুরু হয়। শিশুদের ব্যস্ত পার্ক লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়।

হামলার সময় ৩৬ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান এবং ২৪ বছর বয়সী আরেকজন পরে হাসপাতালে মারা যান। এ ছাড়া কয়েকজন মেয়ে, ছেলে এবং কিশোর আহত হয়েছে।নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে এক মা বলেন, ‘আমি আমার ছোট মেয়েকে গোসল করাচ্ছিলাম, তখন প্রায় ২০টি গুলির শব্দ শুনি।’ পরে বাইরে গিয়ে তিনি দেখেন ‘মায়েরা তাদের সন্তানদের খুঁজতে চিৎকার করছে আর সবাই বলছে এখানে শিশুরা আছে।

প্রায় ৮০ হাজার জনসংখ্যার শহরটির কর্তৃপক্ষ পরে জানায়, আহত শিশুদের মধ্যে তিনজন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, আর পাঁচজন এখনো চিকিৎসাধীন। তবে সবাই এখন আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে, যদিও তাদের বয়স প্রকাশ করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় গ্যাং সদস্যরা প্রায়ই জড়ো হয়। এক প্রতিবেশী বলেন, ‘এ নিয়ে এখন পর্যন্ত এখানে চারটি গুলির ঘটনা ঘটল। ’ তিনি জানান, কাছের গির্জায় রাতে ক্লাস চলছিল এবং পার্কে অনেক শিশু ছিল। শিশুদের ছুটে পালানোর দৃশ্যটা খুবই ভয়াবহ ছিল।

রাজ্যের প্রসিকিউটর অফিস জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

এক মাসেরও কম সময়ের মধ্যে গুয়ানাহুয়াতোতে এটি দ্বিতীয় বড় সহিংসতার ঘটনা। গত জানুয়ারির শেষে ফুটবল ম্যাচের পর হামলায় ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছিল।

এ অঞ্চলে শক্তিশালী মাদকচক্র অ্যালিসকো নিউ জেনারেশন কার্টেল এবং সান্তা রোসা ডি লিমা কার্টেল সক্রিয় রয়েছে।
-বেলাল