ঢাকা–বরিশাল মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত অন্তত ৩০

ঢাকা–বরিশাল মহাসড়কের মেলকাই এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল থেকে ছেড়ে আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস-এর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং উভয় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুই দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে উদ্ধারকারী ইউনিটগুলো দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হাবিবুর রহমান সুমন,মাদারীপুর