সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৮টি ঘর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পবিত্র মাহে রমজানের প্রথম দিনে ইফতারের আগে অগ্নিকাণ্ডে ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় স্থানীয় জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে আগুন লেগে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরুল আলম বলেন, শিল্প এলাকা হওয়ায় আমাদের বাড়ির ১০টি কক্ষে ১০টি পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহেদ চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। মোট তিনজন বাড়ির মালিকের ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায়নি।

-সাইমুন