রমজানে ঝিনাইদহে মিলছে মাত্র ১০ টাকায় ইফতারি। এক প্যাকেট ইফতারিতে রয়েছে ছোলা, মুড়ি, চপ, বেগুনি, খেজুর ও জিলাপি। এমন ব্যতিক্রমী আয়োজন করেছে ঝিনাইদহ রাইজিং ইয়ুথ সোসাইটি। রমজানের প্রথম দিন থেকেই ইফতার সংগ্রহ করতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে ইফতারি বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন সংগঠনটির সদস্যরা। মূলত ইফতারের সময় ভ্যানচালক, রিকশাচালক, অসহায়, দুঃস্থ ও নিম্নআয়ের মানুষ যারা বাইরে কর্মব্যস্ত থাকেন, তাদের জন্যই এ আয়োজন।
ইফতারি কিনতে আসা রিকশাচালক ইমান আলী জানান, এ উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই। আমাদের মতো মানুষদের কথা যারা ভাবে, তাদের অবশ্যই ধন্যবাদ জানাই।
সাধারণ ক্রেতা জহিরুল ইসলাম বলেন, সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তারা এগিয়ে যাক—এই দোয়া করি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মুহাহিদ জোয়রাদার জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের মূল লক্ষ্য। ২০ জন সদস্য নিয়ে ২০২০ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়। আমরা শুধু রমজানে ইফতার বিতরণই করি না; প্রচণ্ড গরমে সাধারণ মানুষের জন্য সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম, একুশে ফেব্রুয়ারি, ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চসহ বিভিন্ন জাতীয় দিবসে আলপনা অঙ্কন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনায় স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করি।
তিনি আরও বলেন, আমরা সবাই শিক্ষার্থী। সমাজের বিত্তবানদের সহায়তায় বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করি। টানা তিন বছর ধরে ১০ টাকায় ইফতারি দিচ্ছি। ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সব শ্রেণির মানুষ আমাদের কাছ থেকে ইফতারি কেনেন। এমন স্বল্পমূল্যের ইফতারি ঝিনাইদহে আর কোথাও পাওয়া যায় না। পুরো মাসে প্রায় ১০ হাজারের বেশি প্যাকেট ইফতারি বিতরণের আশা করছি।
-সাইমুন










