বিদেশি বিনিয়োগ টানতে কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব বস্ত্র ও পাটমন্ত্রীর

বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং পাটখাতের সম্ভাবনা কাজে লাগাতে নীতিগত সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক ও পচনযোগ্য পণ্যের চাহিদা বাড়ছে। পাট দেশের ঐতিহ্যের অংশ। এই খাতে সম্ভাবনা কাজে লাগাতে সময়োপযোগী উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত কিছু লাইসেন্স প্রক্রিয়া পুনর্বিবেচনা করা প্রয়োজন। সবক্ষেত্রে লাইসেন্স বাধ্যতামূলক রাখার প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে নীতি সংস্কারের ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও সুবিধা তুলে ধরতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে সচিব মিজ বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, সুব্রত শিকদার, রায়না আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্ত দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

-সাইমুন