বরিশালে কৃষক হত্যাকাণ্ড, অভিযুক্ত পাঁচজন আটক

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে কৃষককে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জমি নিয়ে বিরোধে কৃষক মোস্তফা কামালকে (৪৫) হাতুড়িপেটা করে প্রতিপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

কৃষক মোস্তফা কামাল মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

গ্রেফতাররা হলেন- ওই গ্রামের বাসিন্দা নান্নু রাঢ়ী, কাশেম রাঢ়ী, জসিম খান, মিন্টু হাওলাদার ও সিয়াম হাওলাদার।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীউল হাসান জানান, মোস্তফা কামালের সঙ্গে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান, শাহাবুদ্দিন হাওলাদার ও নাসির হাওলাদারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। বিরোধের জেরে বুধবার রাতে তারাবির নামাজ আদায় করতে ধর্মগঞ্জ এলাকার বাড়ির পাশে মসজিদের উদ্দেশে রওনা দেন তিনি। পথিমধ্যে তার ওপর হামলা করে বেধড়কভাবে হাতুড়িপেটা করে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত মোস্তফা কামালকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় মোস্তফা কামালের স্ত্রী আঁখি বেগম নামধারী ১৪ জন ও অজ্ঞাত আরও ৭ জনকে আসামি করে মামলা করেন। মামলার পর এজাহারনামীয় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

-সাইমুন