সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর তিন প্রধান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী এই দিনে প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি নিয়ে প্রাথমিক আলোচনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠকে বাহিনী প্রধানগণ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেশাদারিত্বের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রবেশদ্বারে তাকে স্বাগত জানান, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম ক্যাবিনেট বৈঠকের পর বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও প্রধানমন্ত্রীকে অত্যন্ত ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। তিন বাহিনী প্রধানের সাথে বৈঠকের পর তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেন এবং প্রশাসনের গতিশীলতা আনয়নে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

-লামিয়া আক্তার