কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় পৃথক দুটি অভিযানে বুধবার ভোরে মোট ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিকেলে বিজিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি সংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় সীমান্ত পেরিয়ে আসা কয়েকজন সন্দেহভাজন পাচারকারিকে চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পাচারকারীরা ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়। পরে নাফ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৭ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ছাড়াও হোয়াইক্যং এলাকার মনিরঘোনা থেকে আরও ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
-সাইমুন










