বগুড়ায় ধসে পড়ল নির্মাণাধীন ভবনের ছাদ, এক শ্রমিকের মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন একটি হিমাগারের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার শ্রমিক। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আমিনুল ইসলাম (৩০)

তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খনিহারা এলাকায় ‘ম্যাক ফেয়ার’ নামের একটি হিমাগারে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।

রবিবার সন্ধ্যার দিকে কাজ চলাকালে হঠাৎ ছাদটি ধসে পড়ে। এ সময় চার শ্রমিক দ্রুত বেরিয়ে আসতে পারলেও আমিনুল ইসলাম ছাদের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আমিনুলের মরদেহ উদ্ধার করা হয়।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কর্তৃপক্ষের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে হিমাগার কর্তৃপক্ষের কাউকে এলাকায় পাওয়া যায়নি। তাঁরা সবাই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে।

-সাইমুন