স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তার সাথে মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকরা পেয়েছে ৩টি আসন। মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।
সাভার থেকে ফিরে প্রধানমন্ত্রী আজ দুপুরে প্রথমবারের মতো সচিবালয়ে তার দপ্তরে যোগ দেবেন। সচিবালয় এলাকায় তাকে বরণ করে নিতে কঠোর নিরাপত্তা ও সাজসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো বিকেল ৩টায় সচিবালয়ে অনুষ্ঠিতব্য নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করার বিষয়ে জরুরি দিকনির্দেশনা আসতে পারে।
মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে এক বিশেষ বৈঠকে বসবেন। সেখানে রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম গতিশীল করতে তিনি সিভিল প্রশাসনের প্রতি বিশেষ বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

লামিয়া আক্তার