‘নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে’: শিক্ষার্থীদের প্রতি উপদেষ্টা রিজওয়ানা হাসান

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে এবং সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে অন্যান্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিয়োজিত করতে হবে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘রুটস টু লিগ্যাসি: প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুলের প্রতি কৃতজ্ঞতা ও শিক্ষকদের স্মরণ
স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “আজ আমি প্রধান অতিথি হিসেবে নয়, ভিকারুননিসা নূন স্কুল পরিবারের একজন সদস্য হিসেবে উপস্থিত হতে পেরে সম্মানিত বোধ করছি। এই স্কুল অসংখ্য যোগ্য ও স্বনামধন্য শিক্ষার্থী তৈরি করেছে। যারা এই স্কুলকে মহিমান্বিত করেছেন, সেই মানুষ গড়ার কারিগরদের প্রতি আমি অশেষ শ্রদ্ধা জানাই।”

পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বান
পরিবেশের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের বুঝতে হবে কেন আমরা প্লাস্টিকের বোতল ছেড়ে কাঁচের জগ-গ্লাসে ফিরে যাচ্ছি। এটা মূল্যবোধের বিষয়। প্লাস্টিক আমাদের শরীরের রক্ত, ফুসফুস, এমনকি মায়ের দুধেও পাওয়া যাচ্ছে, যার জন্য মানুষের অসচেতনতাই দায়ী।” তিনি শিক্ষার্থীদের তাদের পরিবারকে প্লাস্টিকের ব্যাগের বদলে চটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করার অনুরোধ জানান।

দেশ ও সমাজের জন্য কাজ করার ডাক
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের রাজনীতি সচেতন হতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত জীবনের সফলতা শুধু ব্যক্তি ও পরিবার উদ্‌যাপন করে, কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সফলতা পুরো সমাজ ও রাষ্ট্র উদ্‌যাপন করে। দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে।”

কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, উপদেষ্টা রিজওয়ানা হাসান তার মানবিক ও সামাজিক দায়বদ্ধতার কারণে এই স্কুলের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য এক বিশাল প্রেরণার উৎস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের অন্তর্বর্তী কমিটির সভাপতি মো. আজমল হক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন। আলোচনা শেষে উপদেষ্টা সকলকে নিয়ে কেক কাটেন এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।


মোঃ আশফুল আলম