আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। বিকেলে মন্ত্রিসভার শপথ।এই অনুষ্ঠান উপলক্ষ্যে সংসদ ভবন এলাকায় বিপুল জনসমাগম ও ভিভিআইপি মুভমেন্ট বিবেচনায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এবং লেকরোড এলাকায় যান চলাচল সীমিত থাকবে। যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।
যেসব পথে যান চলাচল সীমিত থাকবে
শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) হতে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে সাধারণ যানবাহন চলাচল নিয়ন্ত্রিত বা সীমিত রাখা হবে।
বিকল্প সড়কসমূহ
যান চলাচল নিয়ন্ত্রণের ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক ডাইভারশনের মাধ্যমে নিম্নোক্তভাবে যানবাহনের প্রবাহ সচল রাখা হবে।
১) মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউ
মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে গমন করবে।
২) ধানমন্ডি হতে ফার্মগেট
ধানমন্ডি-২৭ হতে আগত যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে যাতায়াত করবে।
৩) আসাদগেট হতে ফার্মগেট ক্রসিং
আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমন করবে।
৪) এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড হতে ধানমন্ডি
এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে গমন করবে।
৫) মিরপুর রোড হতে ধানমন্ডি
মানিক মিয়া অ্যাভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে গমনাগমন করবে।
শপথ গ্রহণ চলাকালীন যানজট ও জনদুর্ভোগ এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে চালকদের এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
সব ধরনের যানবাহন চালকদের আগামীকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এড়িয়ে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।
-মামুন









