আওয়ামী লীগকে রাজনৈতিক সুযোগ না দেওয়ার জন্য বিএনপির চেয়ারপার্সন ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানিয়েছে মঞ্চ-২৪।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।
তিনি বলেন, আওয়ামী লীগ হলো একটি বিষ। যারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্পেস দিয়েছে, আওয়ামী লীগ তাদের কবরে পাঠিয়েছে। সুতরাং, জাতীয়তাবাদী দল বিএনপি প্রতি অনুরোধ থাকবে; সংসদে আপনাকে আপনাকে আওয়ামী লীগের বৈধতা দেওয়ার দরকার নেই। আপনার কাজ হবে- আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করা। তারেক রহমান আমীরে জামায়াত ও নাহিদ ইসলামে সাথে দেখা করেছেন। আমরা এই সম্প্রীতির রাজনীতি দেখতে চেয়েছিলাম। আওয়ামী লীগকে স্পেস দিলে এই রাজনৈতিক সম্প্রীতি নষ্ট হবে।
ফাহিম ফারুকী বলেন, বাংলাদেশে সহিংসতাবিহীন অন্যতম একটি নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিন্তু বিভিন্ন জায়গা ফলাফলকে কেন্দ্র করে ইলেকশন ইন্জিনিয়ারিংয়ের অভিযোগ করেছে বিরোধী দল। তবে সরকারি দল ও বিরোধী দল যেহেতু নির্বাচনকে মেনে নিয়েছে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এক থাকার ঘোষণা দিয়েছেন তাই আমরাও নির্বাচনকে মেনে নিচ্ছি। আমরা প্রত্যাশা করছি- নবনির্বাচিত সকলে মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মান করবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মানের অর্থ হলো যারা ফ্যাসিবাদ ছিলো তাদের রাজনৈতিকভাবে কোন স্পেস দেওয়া যাবে না।
বিরোধী দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, জামায়াতসহ বিরোধী হলগুলোর কাজ হলো নেগোসিয়েশনের পরিবর্তে রাজপথে থেকে জনগণের অধিকার নিয়ে কাজ করা। আপনারা নেগোসিয়েশন করে আসন বন্টন করেন আর ভাগাভাগি করে আসন বন্টন করেন, তা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে, আসন বন্টন করার পর, সংসদে যাওয়ার পর বাংলাদেশের জনগণ কতটা নিরাপদ থাকে। আমার কামার, কুমার, জেলে, চাষার অধিকার কতটুকু বাস্তবায়ন হয়। জনগণকে যে কমিটমেন্ট দিয়েছেন, তার কতটুকু বাস্তবায়ন করেছেন, তা দেখার বিষয়।
-বেলাল










