হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে দায়িত্বরত কর্মকর্তারা নগদ অর্থ বহনের বিষয়ে অনাপত্তি দেওয়ার পরও ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দরে আটক করা হয়েছে এ ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
জুবায়ের বলেন, ঢাকার অভ্যন্তরীণ টার্মিনালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নগদ অর্থ বহনের বিষয়ে অনাপত্তিপত্র দিয়েছেন এবং জানিয়েছেন যে অভ্যন্তরীণ রুটে এ ধরনের অর্থ বহনে কোনো বাধা নেই। এরপরও সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটকের ঘটনা ‘স্বপ্রণোদিত ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, বেলাল উদ্দিন ব্যবসায়িক প্রয়োজনে নিয়মিত যাতায়াত করেন। ব্যাংক বন্ধ থাকায় তিনি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রায় ৫০ লাখ টাকা নগদ বহন করছিলেন, যা তার মতে ‘স্বাভাবিক’। জুবায়ের বলেন, “একজন ব্যক্তি তার ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে নগদ অর্থ বহন করতে পারেন। এটি কোনো অপরাধ নয়।”
তিনি অভিযোগ করেন, বিমানবন্দরের মতো সংরক্ষিত এলাকায় সীমিত মানুষের চলাচল থাকা সত্ত্বেও ঘটনাটি ‘নাটকীয়ভাবে’ উপস্থাপন করা হয়েছে এবং বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে। তিনি দাবি করেন, মানসিক চাপে বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে রংপুরে হাসপাতালে নেওয়া হচ্ছে।
নির্বাচনের একদিন আগে বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের বিষয়ে প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, “বর্তমানে চলাচলে নানা বিধিনিষেধ রয়েছে। তিনি মনে করেছেন আকাশপথে যাওয়া নিরাপদ। ব্যক্তিগত অর্থ তিনি কীভাবে বহন করবেন প্লেন, ট্রেন বা অন্য কোনো মাধ্যমে তা তার অধিকার। তিনি কোনো অপরাধ করেননি।”
জামায়াত নেতা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত না হয়েই ঘটনাটি নির্বাচনী উদ্দেশ্যে অর্থ বহনের সঙ্গে সম্পৃক্ত বলে ইঙ্গিত দিয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা মনে করছেন।
বেলাল উদ্দিনের মুক্তি দাবি করে জুবায়ের বলেন, এ ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি তার চিকিৎসা নিশ্চিত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
জুবায়ের আরও বলেন, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ অভ্যন্তরীণ রুটে নগদ অর্থ পরিবহনে কোনো বাধা নেই বলে অনাপত্তিপত্র দিয়েছেন। “যেখান থেকে তিনি যাত্রা শুরু করেছেন, সেখানে দায়িত্বশীলরা বিষয়টি অনুমোদন করেছেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর ভিন্ন আচরণ করা হয়েছে,” যোগ করেন তিনি।
-এমইউএম










