ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিলের পর মন্ত্রিপরিষদ সচিব পদে এম সিরাজ উদ্দিন মিয়া অতিরিক্ত দায়িত্বে এসেছেন। তিনি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করে সরকার। বিসিএস ৮২ ব্যাচের এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান গিয়েছিলেন।
প্রজ্ঞাপন অনুসারে, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়।
চব্বিশে রাজনৈতিক পটপরিবর্তনে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছিল। পরে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইদিনের মাথায় নতুন সরকার গঠনের আগ মুহূর্তে শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করা হয়েছে।
এদিকে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছিল। এরই প্রেক্ষিতে বিষয়টি খোলাসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফেইড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানান তিনি।
প্রেস সচিব তিনি লিখেছেন, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছু দিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচন সন্নিকটে চলে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালনে সম্মত হন।
-হাসান










