কক্সবাজার জেলার টেকনাফে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির এক বিরল ‘পাখি মাছ’, যা স্থানীয়ভাবে ‘মাইট্যা’ নামে পরিচিত।
রোববার সন্ধ্যায় প্রায় ২০০ কেজি ওজনের মাছটি টেকনাফ মৎস্য বন্দরে আনা হলে কৌতূহলী মানুষের ভিড় জমে। উপকূল এলাকায় সচরাচর এমন মাছ দেখা যায় না। পরে ভালো দামের আশায় এটি চট্টগ্রাম পাঠানো হয়েছে।
মৎস্য বিশেষজ্ঞদের ধারণা, মাছটি ‘সেইলফিশ’ বা মার্লিন প্রজাতির। দ্রুতগতির এ সামুদ্রিক মাছের পিঠের উপরের পাখনাটি পাখির ডানার মতো বিস্তৃত থাকে। এ বৈশিষ্ট্যের কারণেই জেলেরা একে ‘পাখি মাছ’ বা ‘পাখি মাইট্যা’ নামে ডাকেন। সাধারণত গভীর সমুদ্রে বসবাস করায় উপকূল সংলগ্ন এলাকায় এত বড় আকারের মাছ খুব কমই ধরা পড়ে।
ট্রলার মালিক সব্বির আহমেদ জানান, শনিবার সকালে ১১ জন মাঝিমাল্লা নিয়ে তার ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। সেন্টমার্টিন দ্বীপ–এর পশ্চিমে বঙ্গোপসাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই বড় মাছটি ধরা পড়ে। পরে ওজন করে দেখা যায়, এর ওজন প্রায় ২০০ কেজি। স্থানীয় ব্যবসায়ী সৈয়দ আলমের কাছে মাছটি ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
ব্যবসায়ী সৈয়দ আলম জানান, টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারিতে বরফ দিয়ে মাছটি সংরক্ষণ করা হয়েছে। বড় আকারের হওয়ায় স্থানীয় বাজারে উপযুক্ত দাম পাওয়া কঠিন। তাই বিশেষ ব্যবস্থায় অধিক লাভের আশায় মাছটি চট্টগ্রামের বাজারে পাঠানো হচ্ছে।
-এমইউএম










