আফ্রিকার নেতৃত্বে নাইজেরিয়াকে এগিয়ে আসার আহ্বান গুতেরেসের

পরিবর্তনশীল বৈশ্বিক শক্তির প্রেক্ষাপটে আফ্রিকার প্রতিনিধিত্ব জোরদার করতে নাইজেরিয়াকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি বলেন, বিশ্ব ব্যবস্থায় পরিবর্তনের এই সময়ে আফ্রিকার নেতৃত্ব দেওয়ার জন্য নাইজেরিয়া অনন্য অবস্থানে রয়েছে। একই সঙ্গে তিনি নিরাপত্তা পরিষদে নাইজেরিয়ার স্থায়ী আসনের দাবির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

শনিবার ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ৩৯তম আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনের ফাঁকে নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমার সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

গুতেরেস উল্লেখ করেন, নাইজেরিয়ার বৃহৎ জনসংখ্যা, গণতান্ত্রিক ধারাবাহিকতা, প্রাকৃতিক ও মানবসম্পদের শক্ত ভিত্তি এবং বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি অঙ্গীকার দেশটিকে বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ করে দিয়েছে।

জাতিসংঘ মহাসচিব নাইজেরিয়ার বর্তমান সরকারের নেওয়া অর্থনৈতিক পদক্ষেপগুলোর প্রশংসা করেছেন। বিশেষ করে প্রেসিডেন্ট বোলা টিনুবুর দায়িত্ব নেওয়ার পর সংস্কার কার্যক্রমকে উল্লেখ করেন। তিনি বলেন, এমন উদ্যোগ দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদে শক্তিশালী করতে কার্যকর হতে পারে।

একই সঙ্গে গুতেরেস বলেন, শুধু অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা নয়, নাইজেরিয়া আঞ্চলিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাহেল অঞ্চলে নিরাপত্তা সংকট এবং পশ্চিম আফ্রিকার দেশগুলো নিয়ে গঠিত জোটের স্থিতিশীলতা বজায় রাখতে দেশটি সক্রিয় রয়েছে। নিজ দেশে নিরাপত্তা সমস্যা থাকা সত্ত্বেও এই আঞ্চলিক নেতৃত্বকে তিনি ইতিবাচক হিসেবে তুলে ধরেন।

অন্যদিকে নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমা বিশ্ব শান্তি ও টেকসই উন্নয়নে গুতেরেসের উদ্যোগের প্রশংসা করেন। তিনি স্পষ্ট করেন, জাতিসংঘের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে নাইজেরিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় তিনি একটি বড় রাজনৈতিক প্রশ্ন সামনে আনেন। তার মতে, বর্তমান বৈশ্বিক বাস্তবতা জাতিসংঘের ১৯৪৫ সালের কাঠামোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই জাতিসংঘে সার্বিক সংস্কার প্রয়োজন। বিশেষ করে নিরাপত্তা পরিষদে আফ্রিকার প্রতিনিধিত্ব বাড়ানো জরুরি। সেখানে নাইজেরিয়ার জন্য একটি স্থায়ী আসন থাকা উচিত।

-সাইমুন